October 19, 2026প্রবাস জুড়েই আমরা
বিজ্ঞাপনের জায়গা · 728 × 90
সর্বশেষ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সৌদি রাষ্ট্রদূত তলব

পিবিএন ডেস্ক : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াকে তলব করে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে জানতে চায়।

এর আগে গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে বিষয়টি বাংলাদেশের নজরে আসে।

এ ঘটনায় গত শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

তিনি জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি আরবে বাংলাদেশের মিশনকে কিছুই জানানো হয়নি। কেন জানানো হয়নি এবং প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে বাংলাদেশ এখনো বিস্তারিত জানতে পারেনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুরো ঘটনার বিবরণ ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ এবং দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।